যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আগামীকাল সোমবারই পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছে, স্টারমার এখনো সরকারের দায়িত্ব পালনে মনোযোগী এবং পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি।
অবজারভার তাদের প্রতিবেদনে বলেছে, সোমবার স্টারমার পদত্যাগ করে নিজের বিদায়ের একটি সময়সীমা নির্ধারণ করতে পারেন। গত কয়েক মাস ধরেই তার নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে অসন্তোষ বাড়ছিল। তবে পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় শুক্রবার, যখন তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় পান। এর ফলে তিনি লেবার পার্টির নেতৃত্বের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেয়েছেন।
পত্রিকাটি আরও জানিয়েছে, পদত্যাগের সম্ভাবনা নিয়ে স্টারমার তার স্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। লেবার পার্টির শীর্ষ নেতারা সোমবারের মধ্যেই তার কাছ থেকে একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন। এর আগে শুক্রবার স্টারমার বলেছিলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ এলে তিনি লড়াই করবেন এবং দলকে অভ্যন্তরীণ বিভাজনের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানান।
২০২৪ সালে কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি ভূমিধস জয় পেলেও মাত্র দুই বছরের ব্যবধানে তার জনপ্রিয়তা কমে গেছে। অনেক ভোটার মনে করছেন, জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা পূরণে তিনি ব্যর্থ হচ্ছেন। ফলে তার নেতৃত্ব এখন গুরুতর প্রশ্নের মুখে।

