ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ আলোচনায় হঠাৎ করেই ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত নিয়ে একটি জরুরি অধিবেশন যুক্ত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, সুইজারল্যান্ডে নির্ধারিত আলোচনার সূচিতে এই নতুন অধিবেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। আলোচনার শুরুতেই বিষয়টি তোলা হবে, যদিও এতে ইসরায়েল বা হিজবুল্লাহ-কোনো পক্ষের প্রতিনিধিই উপস্থিত থাকবেন না।
গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর শুক্রবার আলোচনার নতুন ধাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লেবাননে ইসরায়েলি হামলা এবং এর প্রতিবাদে ইরানের হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই উত্তেজনার কারণে আলোচনার সময়সূচি পিছিয়ে যায়।
ইরান জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন। তাই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বিবৃতিতে বলা হয়েছে, শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আগ্রাসন অব্যাহত থাকলে পরবর্তী পদক্ষেপও পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, সংকট আপাতত নিরসন হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি, এবং আন্তর্জাতিক মহল ঘনিষ্ঠভাবে ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে।

