পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার উজির সাব-ডিভিশনের একটি পাহাড়ি সড়কে জোড়া বোমা হামলায় অন্তত সাতজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার পাকিস্তানি দৈনিক ডন-এর প্রতিবেদনে জানানো হয়, ফাং মুসা খেল এলাকায় দুটি গাড়িকে লক্ষ্য করে রিমোট-কন্ট্রোল বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণটি একটি ব্যক্তিগত গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয়। এতে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার সময় প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও দুজন নিহত হন এবং দুটি গাড়িই পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
বান্নুর জেলা পুলিশ অফিসার ইয়াসির আফ্রিদি হামলার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি বিস্ফোরণে মোট সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ এই হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ হিসেবে উল্লেখ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণটি আরও শক্তিশালী ছিল এবং আশপাশের এলাকায় ধ্বংসস্তূপের চিহ্ন রেখে যায়। হামলার উদ্দেশ্য বা দায় এখনো কেউ স্বীকার করেনি।

