প্রধান খবর

রিকন্ডিশন্ড গাড়ির ওপর বাড়তি কর প্রত্যাহারের দাবি 

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মধ্যম সারির জীবাশ্ম জ্বালানিচালিত রিকন্ডিশন্ড গাড়ির ওপর আরোপিত বাড়তি করভার প্রত্যাহারের দাবি জানিয়েছে বারভিডা। পাশাপাশি ব্র্যান্ড নিউ ও রিকন্ডিশন্ড প্লাগ-ইন হাইব্রিড গাড়ির জন্য সমান শুল্ক সুবিধা এবং হাইব্রিড গাড়ির ক্ষেত্রেও নীতিগত সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, প্রস্তাবিত কর কাঠামো কার্যকর হলে গাড়ির বাজারে অস্থিরতা তৈরি হবে এবং মধ্যবিত্ত ক্রেতারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

শনিবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বারভিডা সভাপতি আবদুল হক। তিনি বলেন, রিকন্ডিশন্ড গাড়ি দেশের অটোমোবাইল বাজারের একটি বড় অংশ জুড়ে আছে এবং এই খাত দীর্ঘদিন ধরে মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারকে স্থিতিশীল রেখেছে। অতিরিক্ত কর আরোপ করলে বাজার সংকুচিত হবে এবং সরকারের রাজস্ব আয়ও কমে যেতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মান্নান চৌধুরী খসরু, হাবিবুল্লাহ ডন, উপদেষ্টা শহিদুল ইসলাম, সাইফুল্লাহ সম্রাটসহ অন্যান্য নেতারা। তারা বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তির গাড়ি জনপ্রিয় করতে হলে হাইব্রিড ও প্লাগ-ইন হাইব্রিড গাড়িতে সমান শুল্ক সুবিধা দেওয়া জরুরি। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং ক্রেতারা আরও সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তির গাড়ি কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *