ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অনিশ্চয়তা ও গ্রাহকদের উদ্বেগ দূর করতে স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। একই সঙ্গে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, অর্থ পাচারের বিচার এবং মালিকানা কাঠামো পুনর্বিন্যাসসহ সাত দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি। শুক্রবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক নুরনবী মানিক বলেন, ইসলামী ব্যাংক দেশের আর্থিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি শুধু একটি ব্যাংক নয় কোটি গ্রাহকের আস্থা, রেমিট্যান্স প্রবাহ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সঙ্গে গভীরভাবে যুক্ত। কিন্তু ব্যাংকটির পরিচালনা ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবং সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের নিয়োগ এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের অপসারণ পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে।
নুরনবী মানিক বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে হলে পরিচালনা পর্ষদকে রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বাধীন ও পেশাদার হতে হবে। তিনি দাবি করেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

