বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে অনেকেই সমস্যা হিসেবে দেখলেও এটিকে দেশের সবচেয়ে বড় শক্তি ও আশীর্বাদ বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার মতে, বিশ্বের অন্যতম জনবহুল দেশ হয়েও বাংলাদেশ শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বকে পথ দেখানোর সক্ষমতা রাখে।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, জনসংখ্যা কোনো বোঝা নয় সঠিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এটিই দেশের সবচেয়ে বড় সম্পদে পরিণত হতে পারে।
মন্ত্রী বলেন, “পলিটিক্স করতে হবে অন্যের জন্য, নিজের জন্য নয়।” তিনি আরও উল্লেখ করেন, অতীতের অভিজ্ঞতা ও আন্দোলন থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া জরুরি। দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোনো কাঠামো থেকে বের করে নতুনভাবে সাজানোর উদ্যোগ প্রধানমন্ত্রী নিয়েছেন বলেও তিনি জানান। তার মতে, এই পরিবর্তনই ভবিষ্যৎ প্রজন্মকে আরও প্রতিযোগিতামূলক ও মানবিক করে তুলবে।

