বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দুর্দান্তভাবে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে কোচ লিওনেল স্কালোনি পড়েছেন এক মধুর সমস্যায় শুরুর একাদশে রাখবেন লাউতারো মার্টিনেজকে, নাকি হুলিয়ান আলভারেজকে?
আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো। গোল না পেলেও তার শারীরিক সক্ষমতা, পরিশ্রমী ফুটবল ও প্রেসিংয়ের প্রশংসা করেছেন স্কালোনি। তবে ম্যাচের ৫৫তম মিনিটে তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় আলভারেজকে।
এই দৃশ্যটি ফিরিয়ে এনেছে কাতার বিশ্বকাপের স্মৃতি। সেবারও প্রথম দুই ম্যাচে লাউতারোকে দিয়ে শুরু করলেও তৃতীয় ম্যাচ থেকে জায়গা দখল করে নেন আলভারেজ এবং শেষ পর্যন্ত হয়ে ওঠেন আর্জেন্টিনার অন্যতম নায়ক।
এবারও পরিস্থিতি প্রায় একই। গোড়ালির চোট কাটিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের আলভারেজ এখন পুরোপুরি ফিট। তার গতি, ফিনিশিং ও বক্সে বুদ্ধিদীপ্ত মুভমেন্ট স্কালোনিকে ভাবাচ্ছে। অন্যদিকে লাউতারো দলে ভারসাম্য, শারীরিক লড়াই এবং ডিফেন্ডারদের ব্যস্ত রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন।
বিশ্লেষকদের মতে, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে স্কালোনির সিদ্ধান্ত নির্ভর করবে প্রতিপক্ষের রক্ষণভাগের ধরন ও ম্যাচ পরিকল্পনার ওপর। তবে দুই স্ট্রাইকারই দুর্দান্ত ফর্মে থাকায় আর্জেন্টিনা শিবিরে এটি এক ‘মধুর সমস্যা’।
আর্জেন্টিনা স্ট্রাইকার লাউতারো আলভারেজ প্রতিযোগিতা

