ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও নজরদারি ক্যামেরা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফলাফল পাওয়ার পর প্রথম ধাপে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নে ডিএমপির সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে ঢাকার দুই সিটি করপোরেশন। রাজধানীর প্রধান সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর ও স্বয়ংক্রিয় করতে ধাপে ধাপে এ আধুনিকায়ন কার্যক্রম পরিচালিত হবে।

সম্প্রতি রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ পরিকল্পনা উপস্থাপন করা হয়। সভায় জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত কোনো বিশেষ বরাদ্দের প্রয়োজন হবে না; পুলিশের নিজস্ব তহবিল থেকেই উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হবে।

এর আগে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এসব সিগন্যাল ব্যবস্থা তৈরি করেছে। স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এসব সিগন্যাল প্রয়োজনে ম্যানুয়ালভাবেও নিয়ন্ত্রণ করা যাবে।

চলতি বছরের মে মাস থেকে নির্বাচিত ট্রাফিক পয়েন্টগুলোতে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ডিএমপি। এআইভিত্তিক ক্যামেরাগুলোতে সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের ঘটনা শনাক্ত করার বিশেষ সফটওয়্যার সংযোজন করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ প্রযুক্তি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইন লঙ্ঘন শনাক্তকরণ এবং যান চলাচল ব্যবস্থাপনা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে অতীতের একাধিক ট্রাফিক সিগন্যাল প্রকল্প দীর্ঘমেয়াদে কার্যকর না হওয়ায় নতুন এ উদ্যোগের ধারাবাহিকতা ও সফল বাস্তবায়ন নিশ্চিত করাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *