ডেলাওয়্যারের হাসপাতালে গুলিবর্ষণ, নিহত ১

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে সংঘটিত বন্দুক হামলায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে প্রতিবেশী পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ডেলাওয়্যারের উইলমিংটন শহরে অবস্থিত একটি হাসপাতালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই ভুক্তভোগীকে উদ্ধার করে। তবে হামলার পরপরই সন্দেহভাজন ব্যক্তি স্থান ত্যাগ করায় তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

উইলমিংটন পুলিশের প্রধান উইলফ্রেডো ক্যাম্পোস জানান, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এবং আহতের শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না। ঘটনার কয়েক ঘণ্টা পর ফিলাডেলফিয়া থেকে এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি একটি লক্ষ্যভিত্তিক ও বিচ্ছিন্ন হামলার ঘটনা। ফলে সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো ব্যাপক নিরাপত্তা হুমকি ছিল না। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *