এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা প্রকাশ

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষাসংক্রান্ত তথ্য, অভিযোগ ও জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে একটি কন্ট্রোল রুম চালুর পাশাপাশি ক্যালকুলেটর ব্যবহার এবং পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময়সূচি সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালে যেকোনো সমস্যা বা তথ্যের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বোর্ডের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্ধারিত কয়েকটি সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রোগ্রামেবল বা স্মার্ট ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, যানজট ও বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের সুযোগ দেওয়া হবে। কেন্দ্র কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *