প্রধান খবর

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ছয় দফা দাবি আইএসপিএবির

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরকারের কাছে ছয় দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি।

রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরাও আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি এবং বিনিয়োগ পরিবেশের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। ফলে খাতটির নিরাপত্তা ও সেবার ধারাবাহিকতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সংগঠনটির ছয় দফা দাবির মধ্যে রয়েছে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা জোরদার, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করা এবং আইএসপিগুলোতে হামলার ঘটনায় সংশ্লিষ্ট থানার দ্রুত পদক্ষেপ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে আইএসপিএবি নেতারা বলেন, দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনের এই সময়ে তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করে খাতটির নিরাপদ বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *