খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। এর আগে জাপানও ভারতের কয়েকটি জনপ্রিয় আমের জাতের ওপর আমদানি সংক্রান্ত কড়াকড়ি আরোপ করেছিল। ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় আমের মান নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ শনাক্ত হওয়ার পর নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করে। এপ্রিল ও মে মাসে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টে পরিচালিত পরীক্ষায় ভারত থেকে আসা কয়েকটি আমের চালানে অতিরিক্ত রাসায়নিক উপাদানের উপস্থিতি পাওয়া যায়।
নেপাল সরকার জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এ কারণে সীমান্ত কর্তৃপক্ষকে ভারতীয় আমের প্রবেশ রোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রীষ্মকালীন মৌসুমে দেশটিতে আমের চাহিদা বৃদ্ধি পেলেও খাদ্যের মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, নেপালের বাজার দীর্ঘদিন ধরে ভারতীয় আমের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক এই নিষেধাজ্ঞার ফলে দেশটির আম আমদানি ব্যবস্থায় প্রভাব পড়তে পারে। একই সঙ্গে বিশ্ববাজারে ভারতীয় কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এখন রপ্তানিকারকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

