ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২টি আসনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। রোববার (১৫ ফেব্রুয়ারি) জোটের নেতারা আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন-এ গিয়ে লিখিত অভিযোগ ও প্রমাণপত্র জমা দেন।
বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, নির্বাচনে ভোট কারচুপি, এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা, জাল ভোট, কালো টাকার ব্যবহার ও সহিংসতার মতো নানা অভিযোগ কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। তিনি দাবি করেন, ভোটগ্রহণ আংশিকভাবে সুষ্ঠু হলেও ফলাফল প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে।
ড. আযাদ অভিযোগ করেন, কিছু কেন্দ্রে ফলাফল শিটে কাটা-ছেড়া, ওভাররাইটিং, এজেন্টদের স্বাক্ষর না নেওয়া এবং পেন্সিলে ফল লেখা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বিশেষ করে স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত দেখানো ৩২টি আসনে পুনর্গণনার দাবি জানানো হয়েছে। তিনি আল্লামা মামুনুল হক, মিয়া গোলাম পরওয়ার ও ঢাকা-৮ আসনের নাসীরুদ্দিন পাটওয়ারীর নাম উল্লেখ করেন।
জোটের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, প্রার্থিতা যাচাইয়ের সময় ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারীদের বৈধতা দেওয়া হয়েছে এবং দ্রুত গেজেট প্রকাশের ফলে অনেক প্রার্থী অভিযোগ জানানোর সুযোগ পাননি। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণের সুযোগ সবার জন্য খোলা রয়েছে।
এদিকে সহিংসতার প্রতিবাদে আগামী ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।

