প্রধান খবর

মণিপুরে ফের ভয়াবহ সহিংসতা: জ্বলে গেছে বহু ঘরবাড়ি

ভারতের মণিপুর রাজ্যে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। শুক্রবার ভোরে কাংপোকপি জেলার নিউ কেথিলেমানবি এলাকার লোইবোল গ্রামে অজ্ঞাত হামলাকারীরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর ৪টা ১০ মিনিটের দিকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। আকস্মিক এই হামলায় গ্রামবাসীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। গুলির পাশাপাশি হামলাকারীরা বহু বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে-লেটখোঙ্গাম হাওকিপ, টিনমারী হাওকিপ এবং জংমিনলাল হাওকিপ। হামলার সময়ই তারা প্রাণ হারান। খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক বা শনাক্ত করতে পারেননি।

কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। কোনো সশস্ত্র গোষ্ঠীও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। নিরাপত্তাবাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং হামলাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

মণিপুরে জাতিগত সহিংসতার সূত্রপাত ২০২৩ সালে। এরপর থেকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। আজকের হামলার পর গ্রামবাসীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *