জাতীয় দলের পাইপলাইন হিসেবে পরিচিত হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটকে ঘিরে প্রতি বছরই আলাদা পরিকল্পনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন মৌসুমেও এইচপি বিভাগকে নিয়ে বিসিবির বড় পরিকল্পনা রয়েছে, যার অংশ হিসেবে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে এইচপি দল।
তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ নিয়ে সাজানো হয়েছে এই সিরিজ। ক্রিকেটাররা কালই বগুড়ার উদ্দেশে রওনা হবেন। ঢাকা ছাড়ার আগে তাদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। জানা গেছে, তিনি ক্রিকেটারদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন এবং সিরিজকে সামনে রেখে মানসিক প্রস্তুতি নিয়েও কথা বলবেন।
আগামী ৮, ১০ এবং ১৩ জুন বগুড়া ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। সীমিত ওভারের লড়াই শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুটি চার দিনের ম্যাচ। এই সিরিজকে ভবিষ্যৎ জাতীয় দলের সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রস্তুতি ও দক্ষতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে বিসিবি।

