প্রধান খবর

অগ্নি নিরাপত্তা পরিকল্পনা ছাড়াই চলছে আদ-দ্বীন হাসপাতাল!

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে বৈধ অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন না করা এবং বাধ্যতামূলক ফায়ার সেফটি প্ল্যান জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচনায় আসা হাসপাতালটির নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের পর থেকে হাসপাতালটির অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন করা হয়নি। পাশাপাশি একাধিক নোটিশ দেওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সেফটি প্ল্যান জমা দেয়নি। চলতি বছরের জানুয়ারিতে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা দাখিল ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হলেও তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

ফায়ার প্রিভেনশন অ্যান্ড এক্সটিংগুইশিং অ্যাক্ট, ২০০৩ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী হাসপাতাল পরিচালনায় অগ্নি নিরাপত্তা পরিকল্পনার অনুমোদন ও বাস্তবায়ন বাধ্যতামূলক। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, আদ-দ্বীন হাসপাতাল এখনো এসব শর্ত পূরণ করতে পারেনি।

অন্যদিকে, আদ-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাসপাতালের প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাগজপত্র জমা দেওয়া হয়েছে।

এদিকে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি দায়ের হওয়া মামলার তদন্তও চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *