ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। রবিবার নগর ভবনে আয়োজিত কুরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, কুরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৯৪২ টন। কিন্তু নির্ধারিত লক্ষ্য অতিক্রম করে ইতোমধ্যে ৩৬ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে, এবং কার্যক্রম এখনও চলমান রয়েছে। দক্ষিণ সিটির আওতাধীন ১১টি পশুর হাটের বর্জ্য অপসারণের কাজও শেষ পর্যায়ে রয়েছে।
আবদুস সালাম জানান, চুক্তি অনুযায়ী হাটের বর্জ্য অপসারণের দায়িত্ব ইজারাদারদের হলেও তারা তা পালন করেননি। ফলে সিটি করপোরেশনকে নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করতে হয়েছে। তিনি আরও বলেন, যারা চুক্তির শর্ত মানেননি, তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে এবং কালোতালিকাভুক্ত করা হবে। পাশাপাশি আগামী বছর থেকে ইজারাদারদের জামানতের পরিমাণ বাড়ানো হবে, যাতে তারা দায়িত্ব পালনে আরও জবাবদিহির মধ্যে থাকেন।

