প্রধান খবর

রোমানিয়ায় রুশ ড্রোন হামলা ন্যাটোভুক্ত রাষ্ট্রে প্রথম আঘাত, আহত নারী ও শিশু

ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়ায় বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এমনটাই জানিয়েছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার পূর্ব রোমানিয়ার সীমান্তবর্তী শহর গালাতিতে ১১ তলা একটি বেসামরিক ভবনে আঘাত হানে ড্রোনটি। রোমানিয়া ন্যাটোর সদস্যরাষ্ট্র এবং ইউক্রেনের সঙ্গে তাদের প্রায় ৬৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনের আঘাতে ভবনটির অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নারী ও একজন শিশু আহত হয়েছে। কারও আঘাত গুরুতর নয়। নিহতের ঘটনাও ঘটেনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেছেন এই হামলার জন্য রাশিয়াই দায়ী, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ–প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে ইউরোপের বিভিন্ন দেশে এমন ড্রোন হামলা আরও হতে পারে এবং এতে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

২০১৪ সালের মিনস্ক চুক্তি, ক্রিমিয়া দখল ও ন্যাটো সদস্যপদ ইস্যুতে দীর্ঘ টানাপোড়েনের পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই যুদ্ধের ধারাবাহিকতায় এই প্রথম ন্যাটোভুক্ত কোনো রাষ্ট্রে হামলা চালানো হলো।

হামলার পর ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এক্সে পোস্ট করে বলেন, “রাশিয়ার বেপরোয়া আচরণ আমাদের সবার জন্য বিপজ্জনক। ন্যাটো তার প্রতি ইঞ্চি ভূমি রক্ষায় প্রস্তুত।” তিনি রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর ড্যানের সঙ্গেও ফোনে কথা বলেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *