ইরানের সশস্ত্র বাহিনী হঠাৎ করেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল ছুড়েছে শুক্রবার (২৯ মে) দেশটির একাধিক সংবাদমাধ্যম এমন তথ্য জানিয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে মিসাইল নিক্ষেপ করেছে, তবে লক্ষ্যবস্তু কী ছিল তা এখনো পরিষ্কার নয়।
আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে। তাদের দাবি, প্রণালিতে থাকা জাহাজগুলোকে সতর্কতা দিতেই এসব গুলি ছোড়া হয়েছে। এর আগেও বুশেহর উপকূলীয় অঞ্চলে ড্রোন ধ্বংসের ঘটনা ঘটেছিল।
বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি তাসনিম নিউজকে বলেন, “আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সঙ্গে সম্পর্কিত। শহর এখন স্বাভাবিক অবস্থায় আছে।”
তাসনিম আরও জানায়, ইরানের সামরিক বাহিনী দক্ষিণাঞ্চল থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে মিসাইল ছুড়েছে। এরই মধ্যে বুশেহরে মার্কিন বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি নামিয়ে আনে ইরানি বাহিনী।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ, যেখানে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব পড়ে। তাই এই ধরনের সামরিক তৎপরতা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

