বাংলাদেশের ভাইরাল ‘ট্রাম্প মহিষ’ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান। দেশটির রাশিয়া দূতাবাস শুক্রবার এক্স-এ মহিষটির একটি ছবি প্রকাশ করে লিখেছে “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন খারাপ।” পোস্টটি মুহূর্তেই আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়।
ইরানি দূতাবাস তাদের পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি ভিডিওও শেয়ার করেছে, যেখানে বাংলাদেশের আলোচিত মহিষটিকে দেখা যায়। আরটির বরাতে তারা লিখেছে “অনেক মানুষ দেখতে ভিড় করার পর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষ খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।” ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মহিষটি আরও বেশি ভাইরাল হয়ে ওঠে।
প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির মাথার সামনের লম্বা লালচে–সোনালি চুল অনেকের কাছে ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। সেই মিল থেকেই নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্ম আদর করে এর নাম দেয় ‘ডোনাল্ড ট্রাম্প’। মহিষটি দেখতে প্রতিদিনই খামারে মানুষের ভিড় লেগে থাকত।
মহিষটি ইতিমধ্যে কেজি দরে বিক্রি হয়ে গেছে এবং এবারের ঈদুল আজহায় সেটি কোরবানি করা হবে। ভাইরাল হওয়ার পর শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমও মহিষটির খবর ফলাও করে প্রচার করেছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জর্ডান ও যুক্তরাজ্যের সংবাদমাধ্যমও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

