দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি স্থগিত বা বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতাল ও স্বাস্থ্যসেবায় চাপও বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে।

