সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘কী রাগ করলা’ ডায়ালগ এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু। মিম, ক্যাপশন ও কমেন্টে ব্যাপকভাবে ব্যবহৃত এই সংলাপ এবার জায়গা করে নিয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সামাজিক মাধ্যমেও।
সম্প্রতি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজ থেকে ভাইরাল ডায়ালগটি নিয়ে একটি মিম পোস্ট করা হয়। সেখানে একটি ছবির সঙ্গে লেখা ছিল, ‘রকস্টারের নেক্সট কনটেন্টের অপেক্ষায় আছে সবাই; কথাটা ঠিক না বেঠিক?’ পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে।
মূলত গত ১৭ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই ‘কী রাগ করলা’ ডায়ালগটির যাত্রা শুরু। ভিডিওতে দেখা যায়, এক গণক রাস্তার মধ্যে এক যুবকের ভাগ্য গণনা করতে গিয়ে প্রতিটি কথার শেষে ‘রাগ করলা?’ সংলাপটি ব্যবহার করছেন। তার কথা বলার ভঙ্গি ও আত্মবিশ্বাসপূর্ণ উপস্থাপনাই নেটিজেনদের হাস্যরসের খোরাক হয়ে ওঠে।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের স্যাটায়ার ও মিমে ডায়ালগটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। কেউ নিজের বস, আবার কেউ শিক্ষকের সঙ্গে মিল খুঁজে এ নিয়ে কনটেন্ট তৈরি করছেন। ফলে অল্প সময়েই এটি অনলাইন ট্রেন্ডে পরিণত হয়েছে।

