বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিরোপা জয়ের পরও থেমে নেই লিওনেল মেসি। পর্দার আড়ালে থেকে জীবনের সবচেয়ে কঠিন অনুশীলন করছেন তিনি। ক্লাবের প্রতি দায়বদ্ধতা থেকে নিয়মিত অনুশীলন তো আছেই, জাতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে শুরু করেছেন ডাবল ট্রেনিং। ফিফা বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই, তবে মেসির প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক আগেই।
ইন্টার মায়ামির জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা মেসি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি শরীরকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে তীব্র পরিশ্রম করছেন। চলতি এমএলএস মৌসুমে তিনি ইতোমধ্যে ১২ গোল ও চার অ্যাসিস্ট করেছেন। গতকাল নু স্টেডিয়ামে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে মায়ামির প্রথম জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট ছিল তার।
মেসির সতীর্থ রদ্রিগো ডি পল জানিয়েছেন, গত কয়েক মাস ধরে তারা বিশেষ ফিটনেস পরিকল্পনা নিয়ে কাজ করছেন। লু দেল পোলো–এর সঙ্গে সাক্ষাৎকারে ডি পল বলেন, দুই–তিন মাস আগে থেকেই ক্লাবের অনুশীলনের বাইরে তাদের নিজস্ব ট্রেনিং প্ল্যান রয়েছে। সেরা শারীরিক অবস্থায় পৌঁছাতে দুজনই নিজেদের উজাড় করে দিচ্ছেন। তিনি জানান, তারা ডাবল শিফটে অনুশীলন করছেন এবং একজন ব্যক্তিগত ট্রেইনারের অধীনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিশ্বকাপের আগে মেসির এই নিবেদন আর্জেন্টিনা দলের জন্য বড় স্বস্তির বার্তা। বয়স বাড়লেও তার ক্ষুধা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব এখনো ফুটবল বিশ্বের জন্য অনুপ্রেরণা।

