রাশিয়া নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘সারমাত’-এর সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ প্রেসিডেন্ট পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়ে অবহিত করছেন। পুতিন জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ সারমাত ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সামরিক কার্যক্রমে যুক্ত হবে।
রুশ প্রেসিডেন্টের দাবি, সারমাত ক্ষেপণাস্ত্রের ধ্বংসক্ষমতা পশ্চিমা দেশগুলোর সমমানের ক্ষেপণাস্ত্রের তুলনায় কয়েক গুণ বেশি। রাশিয়ার তথ্যমতে, ক্ষেপণাস্ত্রটি সাব-অরবিটাল ফ্লাইট সক্ষমতা রাখে এবং এর পাল্লা ৩৫ হাজার কিলোমিটারেরও বেশি।
এছাড়া মস্কোর দাবি, সারমাত বর্তমান ও ভবিষ্যতের প্রায় সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। পশ্চিমা বিশ্বে ‘সাটান টু’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি সোভিয়েত আমলের ভয়েভোদা ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে।
২০১১ সালে সারমাত প্রকল্পের কাজ শুরু হলেও এর উন্নয়ন প্রক্রিয়ায় একাধিক বাধার মুখোমুখি হতে হয় রাশিয়াকে। এর আগে ২০২৪ সালে পরীক্ষাকালে বড় ধরনের বিস্ফোরণের খবরও প্রকাশিত হয়েছিল। তবে সাম্প্রতিক সফল পরীক্ষা রাশিয়ার সামরিক সক্ষমতার নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।

