প্রধান খবর

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তৃতীয় তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং দুই সন্তানের জননী। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ কলাপাড়ায় বসবাস করছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রায় আট মাস আগে উর্মি তার স্বামী ও সন্তানদের নিয়ে ওই বাসায় ওঠেন। প্রতিবেশীরা জানান, দাম্পত্য কলহ প্রায়ই দেখা দিত। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তার স্বামী থানায় ফোন করে জানান, উর্মি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ পুলিশ জানায়, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী ও দুই শিশুসন্তানকে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *