ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নীতি অনুযায়ী প্রতিটি দলে সাতজন ভারতীয় ও চারজন বিদেশি ক্রিকেটারের সমন্বয় বাধ্যতামূলক হলেও, সর্বকালের সেরা একাদশ নির্বাচনে সেই প্রথা ভেঙেছেন জস বাটলার। ইংল্যান্ডের এই বিশ্বকাপজয়ী অধিনায়কের চোখে সেরা একাদশে স্থান পেয়েছেন সাতজন বিদেশি ও মাত্র চারজন ভারতীয় ক্রিকেটার। তার এই তালিকা থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার মতো সফল আইপিএল তারকারা।
সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের পডকাস্টে বাটলার তার স্বপ্নের একাদশ সাজিয়েছেন। ওপেনার হিসেবে তিনি বেছে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইকনিক জুটি বিরাট কোহলি ও ক্রিস গেইলকে। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি এবং ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইলকে জায়গা দিতে গিয়ে তিনি ডেভিড ওয়ার্নার এমনকি নিজেকেও একাদশের বাইরে রেখেছেন। তিন নম্বরে তিনি রেখেছেন ‘মিস্টার আইপিএল’ খ্যাত সুরেশ রায়নাকে এবং চার নম্বরে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সকে।
বাটলারের একাদশে অলরাউন্ডার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ত্রয়ী কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনের জয়জয়কার। উইকেটরক্ষক হিসেবে প্রত্যাশিতভাবেই আছেন মহেন্দ্র সিং ধোনি। স্পিন আক্রমণে আফগানিস্তানের রশিদ খানের পাশাপাশি বিশেষজ্ঞ পেসার হিসেবে জায়গা পেয়েছেন লাসিথ মালিঙ্গা ও জাসপ্রীত বুমরাহ। বিস্ময়করভাবে এই একাদশে কোনো ইমপ্যাক্ট প্লেয়ার রাখেননি বাটলার, এমনকি নির্দিষ্ট কোনো অধিনায়কও নির্বাচন করেননি তিনি।

