যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর তিন দিন পর অবশেষে নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিয়েছে ইরান। তবে বিমানবন্দর খুললেও পূর্ণমাত্রার কার্যক্রম এখনো শুরু হয়নি। মেহের নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনা শহরে যাত্রীবাহী ফ্লাইট চালু করা হয়েছে।
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বিমান হামলা চালায়। সেই দিন থেকেই ইরান নিজেদের আকাশসীমা ও বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়। প্রায় ৪০ দিনের যুদ্ধের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল ২২ এপ্রিল, কিন্তু তার আগের দিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।
প্রায় দুই মাস পর আজ সকালে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। যদিও সীমিত পরিসরে ফ্লাইট চালু হয়েছে, তবুও এটি ইরানের আন্তর্জাতিক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

