প্রধান খবর

তেলের দামের সাথে বাসভাড়া সমন্বয়, বাড়েনি: পরিবহনমন্ত্রী

সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের মাধ্যমে পাচার ও ভর্তুকিজনিত চাপ কমানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বাসভাড়া বৃদ্ধি করা হয়নি; বরং তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয় করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে তেলের দাম কমলে কোনো প্রকার আলোচনা ছাড়াই বাসভাড়াও হ্রাস করা হবে এবং এ বিষয়ে বিআরটিএ প্রজ্ঞাপন জারি করলেই যথেষ্ট হবে।

তিনি স্পষ্ট করেন, নতুন ভাড়া কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। গ্যাসচালিত যানবাহনের ভাড়া অপরিবর্তিত থাকবে। কোথাও ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গত ২৩ এপ্রিল থেকে বাস ও মিনিবাসের নতুন ভাড়া কার্যকর হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে।

রাজধানীর যানজট ও শৃঙ্খলা রক্ষায় অটোরিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, প্রধান সড়কগুলোতে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল সীমিত করার বিষয়ে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *