প্রধান খবর

মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে আরও একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন মোতায়েন হওয়া এই রণতরীটির নাম ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড-সেন্টকোম-গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। পেন্টাগন সূত্র জানায়, রণতরীটি গত মার্চে ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে আফ্রিকার উপকূল পাড়ি দিয়ে বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে।

ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ১০টি পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরীর একটি। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হয় গত ২৮ তারিখে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর। এর আগে মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা হয়েছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্চের মাঝামাঝি সেখানে যোগ দেয় ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড

তবে ইউএসএস ফোর্ডে লন্ড্রি এরিয়ায় আগুন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটি এবং অন্যান্য যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মার্চের শেষ সপ্তাহে রণতরীটি লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে মেরামতের জন্য ক্রোয়েশিয়ার পথে রওনা দেয়। পেন্টাগন কর্মকর্তারা জানান, যেদিন ফোর্ড মধ্যপ্রাচ্য ছাড়ে, সেদিনই ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে ইউএসএস বুশ যা এখন কার্যত তার জায়গা পূরণ করছে।

এদিকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত টানা ৪০ দিন চলার পর ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ ‘অনির্দিষ্টকালের জন্য’ বাড়িয়েছেন। তবুও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক মোতায়েন ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *