২০০৮-২০০৯ অর্থবছর থেকে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত তৎকালীন সরকার মোট ৮৫.৯৯৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ নিয়েছে, জাতীয় সংসদে এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন।
অর্থমন্ত্রী জানান, একই সময়ে ২২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণের আসল এবং ৮.৬ বিলিয়ন ডলার সুদ পরিশোধ করা হয়েছে। তিনি আরও বলেন, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত অপরিশোধিত বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৭.২৭৯ বিলিয়ন মার্কিন ডলার।
সংসদে উপস্থাপিত এই পরিসংখ্যান দেশের বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, পরিশোধ সক্ষমতা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

