চাঁদা না পেয়ে ফরিদপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুর শহরে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে এক কৃষকদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকায় তার মালিকানাধীন আবাসিক হোটেল ‘সিটি গার্ডেন’-এ এই হামলা চালানো হয়। এসময় হোটেলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়।

হামলার শিকার আমিন শরীফ (৫৫) ফরিদপুর মহানগর কৃষকদলের সহ-সভাপতি। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে একদল সশস্ত্র ব্যক্তি হোটেলে ঢুকে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে।

পরবর্তীতে হামলাকারীরা তাকে হোটেলের ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের কবজি, বাহু ও কনুই গুরুতরভাবে আহত হয়। হামলার সময় তার কাছ থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ভবিষ্যতে চাঁদা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. সরোয়ার শরীফ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তমাল ও মাহমুদ নামে দুইজনকে নামীয় আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। স্থানীয়ভাবে অভিযুক্তরা চিহ্নিত চাঁদাবাজ বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন বলেন, এটি পরিকল্পিত হামলা এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অন্যদিকে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *