প্রধান খবর

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুসহ ৯ জন নিহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রীভেপোর্ট শহরে পারিবারিক বিরোধের জেরে চালানো বন্দুক হামলায় ৮ শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে শ্রীভেপোর্ট পুলিশ বিভাগ একটি পারিবারিক অশান্তির (ডোমেস্টিক ডিসটার্ব্যান্স) খবর পায়। খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানিয়েছে, হামলাটি দুটি বাড়ি জুড়ে পরিচালিত হয়েছিল। ঘটনাস্থল থেকে মোট ১০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, যাদের মধ্যে ৮ শিশুসহ ৯ জনই পরবর্তীতে মারা যান।

শ্রীভেপোর্ট পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে গাড়িতে করে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিনি নিহত হন। হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ না করা হলেও পুলিশ ধারণা করছে, নিহতদের মধ্যে অনেকেই হামলাকারীর নিজ পরিবারের সদস্য ছিলেন। তদন্তের স্বার্থে পার্শ্ববর্তী আরও একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রীভেপোর্টের মেয়র টম আর্সেনো। এক বিবৃতিতে তিনি বলেন, “এটি আমাদের শহরের ইতিহাসের অন্যতম মর্মান্তিক এবং বেদনাদায়ক একটি দিন। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে প্রশাসন রয়েছে এবং এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সব ধরনের সহায়তা করা হবে।”

যুক্তরাষ্ট্রে গান ভায়োলেন্স বা বন্দুক সহিংসতা একটি নিয়মিত ঘটনায় পরিণত হলেও, শিশুদের ওপর এমন পরিকল্পিত ও ভয়াবহ হামলা দেশজুড়ে নতুন করে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয়তা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। পুলিশ বর্তমানে ঘটনার মূল কারণ এবং হামলাকারীর মানসিক অবস্থা খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *