প্রধান খবর

দেশজুড়ে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আজ থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। সরকারি এই বিশেষ উদ্যোগের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানিয়েছেন, সাপ্তাহিক ছুটি বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম চলবে। সিটি কর্পোরেশন এলাকাগুলোতে এই ক্যাম্পেইন ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলমান থাকবে। এর আগে গত ৫ এবং ১২ এপ্রিল থেকে ভিন্ন ভিন্ন ধাপে শুরু হওয়া কর্মসূচিগুলোও যথাক্রমে ২৫ এপ্রিল ও ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এই কার্যক্রমের শুভ সূচনা করবেন। এছাড়া প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ইপিআই এর তথ্যমতে, ১৮টি জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি কর্পোরেশনসহ দেশের প্রতিটি প্রান্তে এই টিকা পৌঁছে দেওয়া হবে। শিশুদের জীবনঘাতী এই রোগ থেকে সুরক্ষা দিতে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম ও রুবেলা প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হলো টিকাদান। অভিভাবকরা যেন তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করেন, সেই লক্ষ্যে দেশজুড়ে প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *