ভিনদেশি ফল হওয়ায় রাজশাহীর বাগমারায় ইমাম হাসান সাগরের আঙুর বাগান এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র। ইউটিউব-ফেসবুকে দেখা দৃশ্য নিজের এলাকায় দেখতে পেয়ে অনেকেই বিস্মিত। দর্শনার্থীরা বলেন, “যা অনলাইনে দেখতাম, এখন নিজের এলাকায় দেখছি এটা স্বপ্নের মতো।”
মাত্র ৯-১০ মাস বয়সী গাছগুলোতে প্রতিটিতে ১৫-২০ কেজি করে আঙুর ধরেছে। উদ্যোক্তা সাগর আশা করছেন, এসব আঙুর লাখ টাকার বেশি দামে বিক্রি করতে পারবেন। প্রচুর ফলন হওয়ায় বাগানটি এখন মানুষের ভিড়ে মুখর। অনেকেই নিজেরাও বাগান করতে চারা সংগ্রহ করছেন।
কৃষি কর্মকর্তারা মনে করছেন, বিদেশি জাতের এই আঙুর চাষ ছড়িয়ে পড়লে দেশের আমদানি নির্ভরতা কমবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।
ইমাম হাসান সাগর বাগমারার হাসনিপুর গ্রামের বাসিন্দা। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি শেষ করেও চাকরির পেছনে না ছুটে নিজের পানের বরজ ভেঙে আঙুর চাষ শুরু করেন। দুই বিঘা জমিতে প্রায় ৩৬০টি ‘বাইকনুর’ জাতের আঙুর গাছ লাগিয়েছেন তিনি। বাণিজ্যিকভাবে চাষ শুরু করে পেয়েছেন অভাবনীয় সাফল্য। এখন তিনি বছরে কয়েক লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন।

