সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে (Sirajganj Economic Zone) আন্তর্জাতিক বিনিয়োগ ও সহযোগিতা জোরদারের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সফর করেছে। রবিবার (১২ এপ্রিল) ঢাকার বনানীতে অবস্থিত কর্পোরেট অফিসে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিনিধিদলে ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সাবেক মন্ত্রী ও লেজিসলেটিভ কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট Hon. John Ajaka, সিটি অব ক্যান্টারবুরি–ব্যাংকস্টাউন কাউন্সিলর George Zakhia, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ)–এর প্রেসিডেন্ট আব্দুল খান রতন এবং লিবারেল পার্টি লাকেম্বা শাখার প্রেসিডেন্ট ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু।
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক শেখ মনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের এবং চিফ অব অ্যাডমিন অ্যান্ড এইচআর নেসার আহমেদ জুলিয়াসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় সিইও মোহাম্মদ হুমায়ুন কবির অর্থনৈতিক অঞ্চলের ভিশন, চলমান অগ্রগতি এবং সম্ভাব্য বিনিয়োগ সুযোগ নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন। পাশাপাশি কর্পোরেট ভিডিওর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের চিত্র তুলে ধরা হয়।
প্রতিনিধিদলকে ইন্টারঅ্যাকটিভ ম্যাপের মাধ্যমে প্লট লেআউট, জমি বরাদ্দ এবং শিল্প স্থাপনের সম্ভাব্যতা দেখানো হয়, যা তাদের আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। বৈঠকের শেষাংশে পরিচালক শেখ মনোয়ার হোসেনের নেতৃত্বে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও শুভেচ্ছা পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে অস্ট্রেলিয়ান বিনিয়োগ আকর্ষণের উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং প্রতিনিধিদল এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ মনে করছে, এ ধরনের আন্তর্জাতিক যোগাযোগ ভবিষ্যতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

