আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস লিখলেন ব্রাজিল নারী দলের পেসার লরা কার্দোসো। পুরুষ বা নারী কোনো আন্তর্জাতিক ক্রিকেটারই আগে এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার কীর্তি গড়তে পারেননি। কার্দোসোর বিধ্বংসী বোলিং তোপে লেসোথো মাত্র ১৩ রানে অলআউট হয়ে ১৮৯ রানের বিশাল ব্যবধানে হারে।
এই ঐতিহাসিক ম্যাচটি মাঠে বসে দেখেছেন ক্রিকেট ব্রাজিলের সভাপতি রবার্তা মোরেত্তি। স্লিপে ফিল্ডিং করা এই ক্রিকেটার সতীর্থকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিবিসি স্পোর্টকে বলেন, লরার বয়স মাত্র ২১, এবং তিনি বিশ্বাস করেন একদিন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশে এলিট লেভেলে খেলবেন এই পেসার। তার ভাষায়, লরার মতো ক্রিকেটারের বেড়ে ওঠা দেখা আনন্দের, কারণ তিনি অত্যন্ত নীতিবান, পরিশ্রমী এবং আবেগী। গ্রাসরুট প্রোগ্রাম থেকে উঠে এসে লরা এখন ব্রাজিলের সেরা ক্রিকেটারদের একজন হয়ে উঠেছেন।
লরা কার্দোসোর এই রেকর্ড শুধু ব্রাজিল নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও নতুন মানদণ্ড স্থাপন করল।

