ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে আটকে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। দীর্ঘ ৩৯ দিন পর অবশেষে বাংলাদেশ সময় বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় জাহাজটি সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা দেয়। জাহাজটিতে রয়েছে ৩৭ হাজার টন সার।
বিএসসির কর্মকর্তারা জানান, গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাইয়ের সূচি ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় ঝুঁকি এড়াতে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।
সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে। ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায়। কিন্তু যুদ্ধের কারণে প্রণালি বন্ধ থাকায় জাহাজটি আর এগোতে পারেনি এবং সাগরে অপেক্ষায় থাকতে হয়।
যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় জাহাজটি অবশেষে দাম্মাম বন্দর থেকে রওনা দিতে সক্ষম হয়েছে। এখন জাহাজটি নিরাপদে দেশে ফেরার পথে রয়েছে।

