প্রধান খবর

২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারি সফরের অংশ হিসেবে আগামী ২৭ এপ্রিল যশোর জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে তার যশোরে প্রথম আনুষ্ঠানিক সফর, যা স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি পোস্টে সম্ভাব্য সফরের তারিখ উল্লেখ করে বিষয়টিকে ‘সুসংবাদ’ হিসেবে আখ্যায়িত করেন।

এদিকে, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, প্রধানমন্ত্রীর সফর প্রায় নিশ্চিত এবং এ উপলক্ষে জেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সফরসূচিতে প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উলাশী খাল পুনর্খনন প্রকল্প ও ৫০০ শয্যার একটি আধুনিক হাসপাতালের উদ্বোধন অন্তর্ভুক্ত থাকতে পারে।

সফরের শেষাংশে বিকেলে যশোরের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে এক জনসমাবেশে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, যেখানে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *