প্রধান খবর

কল্যাণপুরের জাহাজবাড়ি ঘটনায় মামলার শুনানি আজ

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ শুনানি নেবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। একই সঙ্গে শুনানির জন্য সময় চাওয়া হয়। সেই ধারাবাহিকতায় আজ অভিযোগ গঠন নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন দুজন সাবেক আইজিপি একেএম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন। তাদের হাজির হতে গত ২২ ফেব্রুয়ারি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত।

চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *