দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। এখন থেকে দেশের সব ধরনের দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দোকান মালিক সমিতির পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের চাহিদা পূরণে সরকার সম্পূর্ণ প্রস্তুত। বর্তমানে দেশে প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুত রয়েছে। এছাড়াও আগামী তিন মাসের বাড়তি চাহিদা মেটানোর জন্য নতুন উৎস থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে মার্কিন প্রশাসনের ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ‘স্যাংশন ওয়েভার’ বা নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সরকার আশাবাদী যে, খুব শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে।
জ্বালানি নিরাপত্তায় সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অবৈধভাবে মজুত করা প্রায় চার লাখ লিটার জ্বালানি তেল ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বোরো মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে জ্বালানি তেল সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তেল সরবরাহে কৃষকরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

