বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইকারদের লাইন অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। তপ্ত রোদে ঘেমে-নেয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সবাইকে। কেউ গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউ আবার অভিজ্ঞতা থেকে ছাতা নিয়ে এসেছেন। কিন্তু কতক্ষণ অপেক্ষার পর তেল মিলবে তার কোনো নিশ্চয়তা নেই।
এত কষ্ট ও অপেক্ষার পরও ফিলিং স্টেশন থেকে সর্বোচ্চ ৬০০ টাকার তেল অর্থাৎ মাত্র ৫ লিটার অকটেন দেওয়া হচ্ছে। সরকার গত ১৪ মার্চ জ্বালানি তেল ক্রয়ে সব ধরনের রেশনিং তুলে নিলেও বাস্তবে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। অনেক পাম্পে এখনো তেল নেই, কিছু পাম্প সীমিত পরিমাণে দিচ্ছে, আর যেসব পাম্পে তেল আছে, তারা নির্দিষ্ট সীমার বেশি দিচ্ছে না।
ট্রাস্ট ফিলিং স্টেশনে অপেক্ষারত বাইকাররা জানান, এখানে আসার আগে দুই-তিনটি পাম্পে ঘুরেও তেল পাননি। অবশেষে এই পাম্পে এসে দাঁড়িয়েছেন, কিন্তু লাইন এত দীর্ঘ যে কখন তেল নিতে পারবেন তা কেউই বলতে পারছেন না। তাদের অভিযোগ, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা শুধু কাগজে-কলমেই আছে, বাস্তবে সংকট আগের মতোই রয়ে গেছে।

