জাতীয় উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ২০ লাখ স্কাউটকে সরকারি কর্মসূচিতে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ৬০ বছর পূর্তি উপলক্ষে টিএসসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, স্কাউটদের শৃঙ্খলা, দক্ষতা ও নৈতিকতা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ‘মেন্টরিং’, বৃক্ষরোপণ, জ্বালানি সাশ্রয়সহ বিভিন্ন জনসেবামূলক কাজে স্কাউটদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষিত স্কাউট বাহিনী ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্কাউট আন্দোলন তরুণদের দায়িত্ববোধ, মানবিকতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি কর্মসূচিতে তাদের অংশগ্রহণ জাতীয় উন্নয়নকে আরও গতিশীল করবে।

