প্রধান খবর

ইরানের দুই বৃহত্তম ইস্পাত কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

ইরানের দুই বৃহত্তম ইস্পাত কারখানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির শিল্পখাতে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। বৃহস্পতিবার পরিচালিত এই হামলায় আহভাজের খুজেস্তান ইস্পাত কোম্পানি এবং ইসফাহান প্রদেশের মোবারকেহ ইস্পাত কোম্পানির উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মোবারকেহ ইস্পাত কোম্পানি এক বিবৃতিতে জানায়, “ব্যাপক হামলার কারণে আমাদের সব উৎপাদন লাইন বন্ধ করতে হয়েছে।” খুজেস্তান ইস্পাত কোম্পানির অপারেশন বিভাগের উপপ্রধান মেহরান পাকবিন স্থানীয় গণমাধ্যমকে বলেন, ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো আগামী ছয় মাসের মধ্যে পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, রাজধানী তেহরান থেকে কারাজ শহর পর্যন্ত বিস্তৃত এবং ‘মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু’ হিসেবে পরিচিত একটি মহাসড়ক সেতুতেও হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

হামলার পর ইরানের শিল্প ও অবকাঠামো খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই আক্রমণ দেশটির অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *