সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টে জমা দেন, যা পরবর্তীতে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে তার বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আবেদন করা হয়। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ অভিযোগ দাখিল করেন এবং বিষয়টির তদন্তের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানান।
আবেদনে অভিযোগ করা হয়, বিচারপতি রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার শুনানিতে পক্ষপাতমূলক আচরণ করেছেন। একটি মামলায় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার যুক্তিতর্ক অন্তর্ভুক্ত করা হয়, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করে।
অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর মতে, এ ধরনের সিদ্ধান্ত ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থি।

