প্রধান খবর

সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাবের বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নারী দিবস উদযাপন

বিশ্ব নারী দিবস ২০২৬ উপলক্ষে সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য আয়োজন। এ বছরের প্রতিপাদ্য ‘সকল নারী ও মেয়ের জন্য অধিকার, ন্যায়বিচার ও কর্ম’ শুধু আনুষ্ঠানিক স্লোগান নয়, বরং বাস্তবায়ন, জবাবদিহিতা এবং পরিমাপযোগ্য অগ্রগতির সুস্পষ্ট আহ্বান হিসেবেই তুলে ধরা হয় অনুষ্ঠানে।

ডাক্তার ফাহিমা সাত্তারের সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন বলেন, নারীরা আজ আর পিছিয়ে নেই; সমাজের প্রতিটি ক্ষেত্রে তারা সমানতালে এগিয়ে চলেছেন। তিনি আয়োজনে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

ক্লাবের জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তার বলেন, নারী দিবস যেন কেবল একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে; বরং নারীর ন্যায্য অধিকার আদায়ে সবাইকে সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানের সমন্বয়ক ডাক্তার শাইলা ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং প্রয়াত সদস্য লায়লা হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এবং মিনিস্টার ফর ওয়ার্ক, হেলথ অ্যান্ড সেফটি সোফি কটসিস এমপি। তিনি নারীর ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে নারী বিষয়ক কবিতা আবৃত্তি করেন লুৎফুন্নেসা। পরে নারী স্বাস্থ্যবিষয়ক সেমিনারে বক্তব্য দেন ডাক্তার রোকেয়া ফাকির কেয়া, ডাক্তার ইশরাত হাফিজ বেলী এবং ডাক্তার শামা পারভীন। তারা উপস্থিত নারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানের শেষাংশে নারী দিবস উপলক্ষে কেক কাটা হয় এবং অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *