নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করলেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তার প্রথম দলীয় কার্যালয় সফর। শনিবার সন্ধ্যা সাতটার দিকে তিনি কার্যালয়ে পৌঁছান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি জানান, তারেক রহমান নিজের চেম্বারে বসে সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। দলীয় প্রধানের আগমনের খবর ছড়িয়ে পড়তেই দুপুর থেকেই বিপুলসংখ্যক নেতা–কর্মী ও সমর্থক কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
নেতা–কর্মীদের উচ্ছ্বাসে নয়াপল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, আর দলীয় কার্যালয়ের ভেতরে চলে সাংগঠনিক আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ব্যস্ত সময়।

