জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী শিক্ষাবিদ দিলারা হাফিজ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দিলারা হাফিজ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী, যার অবদান দেশের শিক্ষা খাতে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ব্যক্তিত্বকে হারিয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
জানা গেছে, দিলারা হাফিজ শনিবার স্থানীয় সময় দুপুরে Singapore General Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন সময়ে তিনি ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

