প্রধান খবর

বিশ্ববাজারে জ্বালানির দামে ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, একলাফে প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি তেলের দাম ১১৪ ডলার অতিক্রম করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম Anadolu Agency-এর প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২৭ মার্চ) ব্রেন্ট ক্রুড অয়েলের ফিউচারসের মূল্য ৫ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৪ দশমিক ২ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের ফিউচারস ৬ দশমিক ১৮ শতাংশ বেড়ে ১০০ ডলার ছাড়িয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফেব্রুয়ারির শেষ দিক থেকে এ পর্যন্ত ব্রেন্ট তেলের দাম প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ডব্লিউটিআই তেলের দামও প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ সৃষ্টি করছে।

এদিকে, জ্বালানি বাজারের এই অস্থিরতার মধ্যে ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *