মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের কাছ থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত নতুন নির্দেশনায় তারা স্পষ্টভাবে জানায় মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যের যেখানেই অবস্থান করবে, সেই স্থানই ইরানের সম্ভাব্য টার্গেট হিসেবে বিবেচিত হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এর পরপরই শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত, যা প্রায় এক মাস ধরে চলছে এবং সময়ের সঙ্গে আরও জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটেই নতুন সতর্কবার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড।
তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনারা সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। বিবৃতিতে বলা হয়েছে, “কাপুরুষ মার্কিন-ইহুদিবাদী বাহিনী নিরীহ মানুষ ও তাদের ঘরবাড়িকে ঢাল হিসেবে ব্যবহার করার হীন চক্রান্ত করছে।” তারা আরও যোগ করে, “আপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করছি যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই স্থানগুলো দ্রুত ত্যাগ করুন, যাতে কোনো বিপদের মুখে না পড়েন।”
চলমান সংঘাতের উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যে এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।

