প্রধান খবর

অস্ট্রেলিয়াজুড়ে জ্বালানি সংকট: ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসে শতাধিক পাম্পে জ্বালানি ফুরিয়ে গেছে

অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে জ্বালানি সংকট ঘিরে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস (NSW) ও কুইন্সল্যান্ডে শতাধিক পেট্রোল স্টেশনে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভিক্টোরিয়ার জ্বালানি মন্ত্রী লিলি ডি’অ্যামব্রোসিও জানান, মঙ্গলবার সকালে অঙ্গরাজ্যের ১০০টিরও বেশি স্টেশনে পেট্রোল এবং ৮৩টিতে ডিজেল মজুত শেষ হয়ে যায়। তার ভাষায়, দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলেও আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার কারণে কিছু এলাকায় চাহিদা হঠাৎ ৩০০ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। পরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে বন্ধ স্টেশনের সংখ্যা কমে ৬১-এ নেমে আসে।

জ্বালানি শিল্প সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা চাপের মুখে পড়েছে।

ফেডারেল জ্বালানি মন্ত্রী ক্রিস বোওয়েন সংসদে জানান, ভিক্টোরিয়া, NSW ও কুইন্সল্যান্ডে মোট ১৬৬টি পাম্পে জ্বালানি নেই। এর মধ্যে NSW–এ ২,৪৪৪টির মধ্যে ৩৭টি স্টেশন বন্ধ রয়েছে। তবে NSW প্রিমিয়ার ক্রিস মিনস বলেন, অঙ্গরাজ্যে প্রায় ১০৫টি স্টেশনে ডিজেল নেই এবং ৩৫টিতে কোনো ধরনের জ্বালানিই পাওয়া যাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। এর প্রভাব অস্ট্রেলিয়ার বাজারেও পড়ছে, যা ভবিষ্যৎ সংকটের আশঙ্কা তৈরি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কজনিত মজুত প্রবণতা বাড়িয়ে দিয়েছে।

সরকার আবারও জানিয়েছে, দেশে জ্বালানির প্রকৃত ঘাটতি নেই। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অযথা মজুত ও অতিরিক্ত চাহিদা অব্যাহত থাকলে সাময়িক এই সংকট আরও গভীর আকার নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *